14 September, 2022
সার্কাসে বানর, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া এসবের খেলা দেখেছেন? এসব জন্তু জানোয়ারদেরকে ইংরেজিতে বলে পারফর্মার (Performer)। আর তারা যা করে বা দেখিয়ে আমাদেরকে আনন্দ দেয় সে কাজকে বলে পারফর্মেন্স (Performance)।
জন্তু-জানোয়ারদের খেলা ভালো হলে আমরা মুগ্ধ হই, তাদের প্রশংসা করি। বলি বাহ্! বাহ্! কী দারূণ পারফর্মেন্স! ইত্যাদি ইত্যাদি। ভালো পারফর্মেন্সের জন্য আমরা অকুন্ঠ চিত্তে প্রশংসা করি। কিন্তু কখনও কি কাউকে বলতে শুনেছেন যে, ওমুক হাতি খুবই সুন্দর খেলা দেখায়। সেজন্য আমি তাকে আইডল(আদর্শ) মনে করি। আমি তাকে ফলো করি।
ঠিক একইভাবে যারা খেলে, নাচে, গায়, অভিনয় করে তাদেরকে বলে পারফর্মার। তারা যা করে আমাদের আনন্দ দেয় সে কাজকে বলে পারফর্মেন্স। যখন কোনো নাটকে কোনো অভিনেতা/অভিনেত্রী ভালো অভিনয় করে তখন আমরা বলি অমুক নাটকে তমুক তো দারূণ পারফর্মেন্স করেছে। কিংবা বলি অমুকের স্টেইজ পারফর্মেন্স খুবই ভালো হয়েছে।
সার্কাসের লোকজন বানর-হাতির খেলা দেখিয়ে মানুষকে আনন্দ দেয় এবং তার বিনিময়ে টাকা নেয়। এই টাকা দিয়ে তারা জীবিকা নির্বাহ করে, হাতি-ঘোড়াকে লালন পালন করে, প্রশিক্ষণ দেয়। তাদের কাজই হলো আনন্দ দেয়া আর টাকা উপার্জন করা।
ঠিক তেমনি যারা নাচে, গায়, খেলে, অভিনয় করে তারা মানুষদের আনন্দ-বিনোদন দিয়ে টাকা উপার্জন করে তথা জীবিকা নির্বাহ করে।
বানর-ঘোড়াদের কোনো ধর্ম আছে? আপনি কি তাদের কাছ থেকে কোনো ধর্মীয় আচার আচরণ আশা করেন? কোনো বানর যদি অন্য বানরের সাথে কোনো খারাপ কাজ করে তখন কি আপনি ব্যথিত হবেন? আপনি নিশ্চয়ই এমন কথা বলবেন না যে, আহা! আহা! এই বানরটা কত সুন্দর খেলা দেখায়, ভেংচি কাটে অথচ আজ দেখলাম এটা অন্য একটা বানরকে সুড়সুড়ি দিচ্ছে! ছি! ছি! এই বানরটা এত খারাপ! আমি নিশ্চিত আপনি এসব মনেও আনবেন না। কারণ আপনি জানেন এসব সার্কাসের জন্তু জানোয়ারদের কাজই হলো আনন্দ দেয়া আর মালিকের জন্য টাকা উপার্জন করা।
যারা বিনোদন জগতে মানুষদের আনন্দ দেয় তাদের কাজই হলো আনন্দ দেয়া আর তার বিনিময়ে নিজেদের জীবিকা নির্বাহ করা। একটু লক্ষ্য করলেই দেখবেন এদের বেশিরভাগই ধর্ম বিষয়ে উদাসীন। থাকাটাই স্বাভাবিক। কারণ ধর্মীয় আদেশ-নিষেধের বেড়া জালে আটকে থাকলে পারফর্ম করা প্রায় অসম্ভব। এরা কিন্তু কোনো ধর্মেই নিজেদের আটকে রাখেন না।
কিছুদিন আগে কোনো এক পারফর্মারের ধর্মীয় পরিচয় জানতে পেরে ওনার ভক্তরা একেবারে ভেংগে পড়ে। কেউ কেউ তাকে বাক্যবাণে জর্জরিত করার চেষ্টাও করে। যারা এসব করেছে তারা হলো নিরেট গবেটের দল। কারণ ঐ গবেটরা যে ধর্মের অনুসারী সে ধর্মে কি এসব পারফর্মারদের পারফর্মেন্স দেখার অনুমতি আছে? গবেটরা নিজেরাই তো নিজের ধর্ম মেনে চলে না। একজন পারফর্মার কোন ধর্মের অনুসারী তাতে কী আসে যায়?
কেউ একজন ভালো অভিনয় করে, কিংবা ভালো গায়, কিংবা ভালো খেলে তার মানে এই নয় যে উনি একজন ভালো মানুষ। পর্দায় যারা খল চরিত্রে অভিনয় করে তারা বাস্তবে খল নাও হতে পারে। তেমনি পর্দায় যিনি নায়ক তিনি বাস্তবে নায়ক নাও হতে পারেন। গবেটদের বোঝা উচিত ওরা যা করে তা হচ্ছে পারফর্মেন্স যা কিনা শুধুই টাকার বিনিময়ে মানুষকে বিনোদন দেয়ার কাজ।
কেউ প্রশংসনীয় পারফর্মেন্স করলে তার পারফর্মেন্সের প্রশংসা করা যেতে পারে, হাত তালি দেয়া যেতে পারে। কিন্তু তাকে ভগবানের আসনে বসানো তো ঠিক নয়। তাকে অনুসরণ, অনুকরণ, ফলো ইত্যাদি করার তো কোনো মানে হয় না। তাকে আইডল বা আদর্শ মনে করা তো ছাগলামীর লক্ষণ। তবে হঁ্যা, যদি কোনো পারফর্মার ব্যক্তি হিসেবে ভালো মানুষ, সৎ মানুষ হন এবং মানুষের কল্যাণে ভালো কাজ করেন তবে তাকে মানুষ হিসেবে ভালো বলা যেতে পারে। মানুষকে ভালো বা মন্দ বলা যেতে পারে বাস্তবে তার ভালো/মন্দ কাজ বিবেচনা করে। পর্দায়, মাঠে কারো পারফর্মেন্স দেখে তার প্রেমে পড়া একমাত্র গবেটদেরই সাজে। পরিস্থিতি দেখে তো মনে হচ্ছে গবেটে গবেটে দেশ ভরে গেছে।
Comments
Post a Comment