-----------------------
Friday 6:45pm, 10 December 2021
---------------------------------------
সত্য হলো সাদা-কালো; মিথ্যা রঙ্গিন।
সত্য তেতো; মিথ্যা মিঠা।
সত্য সাদা-মাটা, আটপৌরে; কিন্তু মিথ্যা গ্ল্যামার্যাস, চাকচিক্যপূর্ণ।
সত্য একঘেয়ে; মিথ্যা বৈচিত্রময়, মনোহারী।
সত্য সুগভীর নদীর পানির মত নি:শব্দে বয়ে চলে; আর মিথ্যা পাহাড়ী নদীর মত তীব্র নিনাদে সবকিছু ভেঙ্গেচুড়ে এগিয়ে চলে।
সেজন্যেই সত্য শুনতে অধিকাংশ মানুষ পছন্দ করে না।
সত্য একাই একশ; একশ টা মিথ্যা মিলে একটা মিথ্যা।
সত্য বলতে যুক্তি সাজানোর প্রয়োজন পড়ে না; মিথ্যা বলতে অত্যন্ত সতর্কতার সাথে যুক্তির জাল বুনতে হয় সেটাকে বিশ্বাসযোগ্য করার জন্য।
একটা বলপয়েন্ট কলম দেখিয়ে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ‘এটা কী?’
যদি সত্য বলেন তবে আপনাকে অবশ্যই বলতে হবে – এটা একটা বলপয়েন্ট কলম।
একই কলম দেখিয়ে যদি হাজার বার একই প্রশ্ন করা হয় তবে আপনাকে একই উত্তর দিতে হবে। কেননা আপনি সত্য বলছেন।
আর যদি মিথ্যা বলেন তবে হাজার বারের প্রশ্নের উত্তর হাজার রকম হবে।
সত্য বললে একই উত্তর বার বার দিতে হবে। ফলে সত্যে অনভ্যস্ত শ্রোতার কাছে সেই উত্তরগুলো হবে এক ঘেয়ে বিরক্তিকর। এবং সেটাকে তার কাছে অবিশ্বাস্য বলেই প্রতিভাত হবে। বলা বাহুল্য, বেশিরভাগ মানুষ সত্য বলতে ও শুনতে অনভ্যস্ত।
আর যদি মিথ্যা বলেন তো উত্তরে বৈচিত্র্য ও মনোলোভা হওয়ার কারণে সত্যে অনভ্যস্ত ব্যক্তির কাছে সেটাকে মনোহর ও বিশ্বাস্য মনে হবে।
আমার এক বড় ভাই আমাকে যখনই ফোন করে জিজ্ঞেস করে আমি কী করছি। তখন প্রায় সব সময়ই উত্তর হয়- বাসায় আছি এবং ব্যস্ত আছি। সেদিন তো তিনি মহা বিরক্ত হয়ে বলেই ফেললেন যে, আমার বক্তব্য নাকি stereo টাইপের। আমি জানি আমি যদি মিথ্যা বলতে পারতাম তবে একেক সময় একেক মিথ্যা বলতে পারতাম। একদিন বলতাম অমুক জায়গায় আছি, আরেকদিন বলতাম তুমুক জায়গায় আছি। কোনোদিন বলতাম আজাইরা স্ফূর্তিতে ব্যাপক হাবু ডুবু খাচ্ছি ইত্যাদি ইত্যাদি। তখন কিন্তু আমার কথা ওনার কাছে বেশ আনন্দদায়ক ও বিশ্বাসযোগ্য হত। ধরুন, আপনার প্রাত্যহিক কাজকর্মে একটা রুটিন রয়েছে। দিনের একটা নির্দিষ্ট সময় আপনি পায়খানার কমোডে বসে থাকেন। এখন কেউ যদি ঠিক ঐ সময়টাতে মাঝে মাঝে আপনাকে ফোন করে জিজ্ঞেস করে যে, আপনি কী করছেন। তবে আপনাকে তো – টয়লেটে আছি- এ কথাটাই বলতে হবে, তাই না?
এদেশের মানুষ নিজেতো সত্য বলায় অভ্যস্ত নয়ই; উপরন্তু সত্য কথা হজমও করতে পারে না। জাতির স্বভাব প্রচন্ডরকম নিম্নগামী।
Comments
Post a Comment